অফিসে প্রেমে জড়াচ্ছেন ৬০ শতাংশেরও বেশি মানুষ

বাংলা টিভি ডেস্ক: শহুরে ব্যস্ত জীবনে কর্মক্ষেত্র এখন শুধু পেশাগত দায়িত্ব পালনের জায়গা নয়, অনেকের কাছে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও পরিণত হয়েছে। দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা, চাপ সামলানো কিংবা কফি বিরতির মতো ছোট ছোট মুহূর্ত ভাগাভাগির মধ্য দিয়েই সহকর্মীদের মধ্যে তৈরি হচ্ছে ঘনিষ্ঠতা, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রেমের সম্পর্কে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে অফিস-ভিত্তিক সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ৬০ শতাংশের বেশি কর্মজীবী জীবনের কোনো না কোনো সময়ে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং এর মধ্যে প্রায় ৪৩ শতাংশ সম্পর্ক পরবর্তীতে বিয়েতে গড়িয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, দিনের বড় একটি অংশ কর্মস্থলে কাটানোর কারণে সহকর্মীদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও মানসিক নিরাপত্তা তৈরি হয়, যা সম্পর্ক গড়ে ওঠার অন্যতম ভিত্তি। প্রায় ৬৫ শতাংশ কর্মী জানিয়েছেন, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে করতে এমন বন্ধন তৈরি হয়।
তবে এই সম্পর্ক সবসময় সহজ নয়। প্রায় ৫৭ শতাংশ কর্মী মনে করেন, অফিসের সম্পর্ক তাদের কাজের পারফরম্যান্সে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। কারও ক্ষেত্রে তা ইতিবাচক হলেও, অনেকের জন্য ব্যক্তিগত টানাপোড়েন ও অস্বস্তি তৈরি করে।
এছাড়া প্রায় অর্ধেকের বেশি কর্মী জানিয়েছেন, এমন সম্পর্কের কারণে অফিসের পরিবেশে গুজব, আলোচনা ও মানসিক চাপও তৈরি হতে পারে। অনেকেই আবার চাকরির নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কারণে বিষয়টি প্রকাশ না রাখার পক্ষে থাকেন।
বিশেষজ্ঞদের মতে, যেখানে মানুষ বেশি সময় কাটায়, সেখানেই সম্পর্ক তৈরি হওয়া স্বাভাবিক। তবে কর্মক্ষেত্রে সম্পর্ক যেন পেশাদার পরিবেশ ও সহকর্মীদের স্বস্তি নষ্ট না করে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি। কারণ অফিসের সম্পর্ক কেবল ব্যক্তিগত বিষয় নয়—এটি পুরো কর্মপরিবেশকেও প্রভাবিত করতে পারে।



