বাংলাদেশ আনসার ও গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) এবং দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের মধ্যে পাঁচ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করাই এ অংশীদারিত্বের মূল লক্ষ্য।
রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন গ্রামীণফোনের হেড অব গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএম।
চুক্তির আওতায় দেশজুড়ে আনসার ও ভিডিপির কার্যক্রমে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত সংযোগ এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির দেশব্যাপী নেটওয়ার্ক, ডিজিটাল দক্ষতা ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাহিনীর পরিচালনগত সক্ষমতা ও সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, উপপরিচালক (কমিউনিকেশন) কাউসার জাহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে জাতীয় অগ্রযাত্রায় অবদান রাখার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এই অংশীদারিত্ব। তিনি বলেন, গ্রামীণফোনের ডিজিটাল অভিজ্ঞতা ও সংযোগসেবা আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে এবং স্মার্ট ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।
আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তির বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব বাহিনীকে আরও সংযুক্ত, দক্ষ এবং ভবিষ্যৎ-উপযোগী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওএফ



