Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

স্টেশন পরিষ্কার করে দিন চলত বুবির, ছিনতাইকারীর হামলায় মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়া বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০), যিনি স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৫ বছর আগে ট্রেনে করে মেথিকান্দা স্টেশনে এসে আর নিজ গন্তব্যে ফেরেননি বুবি। এরপর থেকে স্টেশনই হয়ে ওঠে তার স্থায়ী আশ্রয়। বাক্‌প্রতিবন্ধী এই বৃদ্ধা প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন এবং এর বিনিময়ে স্থানীয় দোকানদার ও যাত্রীদের কাছ থেকে সামান্য অর্থ সহায়তা পেতেন। তিনি কোনো প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মী ছিলেন না। জীবিকা নির্বাহের জন্য কখনো কখনো ভিক্ষাও করতেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের সঞ্চয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা জমিয়েছিলেন। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে ওই টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে নির্মমভাবে মারধর করে এবং সঞ্চিত অর্থ লুট করে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তার চিকিৎসা ও সহায়তায় এগিয়ে আসে। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

ইউএনও মো. মাসুদ রানা জানান, ময়নাতদন্ত শেষে বুবির মরদেহ রায়পুরাতেই দাফন করা হবে। তিনি আরও বলেন, ৫ জুলাই রাতে প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা না গেলেও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button