Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

কিশোরগঞ্জের হাওরে নবজাতকের লাশবাহী নৌকায় ডাকাতি, সর্বস্ব লুট

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে নবজাতকের মরদেহ বহনকারী একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৌকার যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, সোলার প্যানেলের ব্যাটারিসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরে রাতে স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে একটি ভাড়া করা নৌকায় করে গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ডাকাতদের কবলে পড়ে নৌকাটি।

শিশুটির দাদা আবদুল হক জানান, বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় থাকা ছয়জনের একটি দল তাদের নৌকার গতিরোধ করে। এ সময় তারা ডাকাতদের কাছে অনুরোধ করেন যে নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। তবে কোনো অনুরোধ না শুনে ডাকাতরা সঙ্গে থাকা মালামাল নিয়ে যায়।

নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় পৌঁছালে ছয়জনের একটি ডাকাত দল অন্য একটি নৌকা থেকে এসে তাদের নৌকায় হামলা চালায়। তারা যাত্রীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ চার হাজার টাকা এবং পরে নৌকায় থাকা সোলার প্যানেলের ব্যাটারি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নৌ পুলিশের সঙ্গে সমন্বয় করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

করিমগঞ্জ চামড়াঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, তিনি ঘটনাটির বিষয়ে অবগত হয়েছেন। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button