শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকের বেতন বন্ধ

বাংলা টিভি ডেস্ক: দেশের প্রাথমিক শিক্ষায় পড়াশোনার মান উন্নয়নে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সচিব মো. সাখাওয়াৎ হোসেন দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেন।
নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের জুনের মধ্যে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অন্তত ৯০ শতাংশকে বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারা এবং গণিতের চারটি মৌলিক বিষয়—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ—আয়ত্ত করতে হবে। আর জুলাই মাসের মধ্যে এই দক্ষতা ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বই থেকে অন্তত পাঁচ পৃষ্ঠা জোরে পড়ে অনুশীলন করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গণিতের মৌলিক ধারণাগুলো শেখানোর ওপর জোর দিতে বলা হয়েছে।
এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সচিবের এই নির্দেশনার পর বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ইতোমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাছে চিঠি পাঠাতে শুরু করেছেন।
বিশেষ করে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের এই দক্ষতা অর্জন নিশ্চিত করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হওয়ার মতো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ নির্দেশনার ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুন করে চাপ তৈরি হলেও সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মান উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।



