Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

তিতুমীরে বৃষ্টি মানেই শিক্ষার্থীদের আনন্দ আর বৃষ্টিবিলাস

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরেক নাম বৃষ্টি। বৃষ্টি সব জায়গাতেই হয়, তবে সব জায়গার বৃষ্টি একরকম নয়। কোথাও তা শুভ্রতা ছড়ায়, কোথাও আবার সাদামাটা রূপে ধরা দেয়। আর সেই বৃষ্টি যদি হয় প্রিয় ক্যাম্পাসে, তবে তার আবেদন যেন আরও বেড়ে যায়।

রাজধানীর ব্যস্ত নগরীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে হঠাৎ নেমে আসা বৃষ্টি এনে দেয় এক ভিন্ন আবহ। কোলাহলমুখর পরিবেশ মুহূর্তেই বদলে যায় প্রশান্ত নীরবতায়। ১১ একর সবুজে ঘেরা তিতুমীর কলেজ ক্যাম্পাস বৃষ্টিতে ধারণ করে এক মোহনীয় রূপ।

WhatsApp Image 2026 05 03 at 5.12.01 PM
ছবি: মোহাম্মদ রায়হান

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বৃষ্টি যেন শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ। কেউ মাঠে নেমে ফুটবল খেলায় মেতে ওঠেন, আবার কেউ কেউ দলবেঁধে গান গেয়ে বৃষ্টি উপভোগ করেন।

অন্যদিকে প্রেমিক যুগলদের কাছেও বৃষ্টিভেজা ক্যাম্পাস যেন বিশেষ আকর্ষণের। একসঙ্গে বৃষ্টিতে ভেজা কিংবা একটি ছাতার নিচে ক্যাম্পাসে তাঁদের হাঁটতে দেখলে মেন হবে —পৃথিবীর সবচেয়ে সুন্দর বৃষ্টি তিতুমীরেই হয়।

প্রশাসনিক ভবনের করিডোরেও দেখা যায় অন্যরকম চিত্র। একদল তরুণ-তরুণী সেখানে দাঁড়িয়ে গান গাইতে গাইতে বৃষ্টি উপভোগ করছেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে বন্দি করছেন বৃষ্টিভেজা ক্যাম্পাস ও বন্ধুদের আনন্দঘন মুহূর্ত।

ক্যাম্পাসের পরিচিত কুকুর-বিড়ালগুলোকেও বৃষ্টি নামলেই বিভিন্ন ভবনের করিডোরে আশ্রয় নিতে দেখা যায়। শিক্ষক-শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তারাও যেন উপভোগ করে প্রকৃতির এই আয়োজন।

বৃষ্টি থেমে গেলে গাছের ডালে আশ্রয় নেওয়া ভেজা পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে যায়। আর শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাসের চায়ের দোকানে গিয়ে গরম চায়ের কাপে চুমুক দিয়ে জমিয়ে তোলেন আড্ডা।

সব মিলিয়ে, বৃষ্টিভেজা তিতুমীর কলেজ ক্যাম্পাস যেন হয়ে ওঠে এক অন্যরকম সৌন্দর্যের প্রতিচ্ছবি।

ওএফ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button