চলন্ত ট্রেনে হিন্দু যুবতীর প্রসব বেদনা, মুসলিম মহিলার হাতেই ভূমিষ্ঠ শিশু

আন্তর্জাতিক ডেস্ক: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো বেঙ্গালুরুগামী একটি ট্রেনে। চলন্ত ট্রেনেই প্রসব বেদনায় কাতর এক অন্তঃসত্ত্বা হিন্দু তরুণীকে সাহায্য করে মানবতার নজির গড়লেন দুই মুসলিম সহযাত্রী।
ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল ভারতের বেঙ্গালুরু এক্সপ্রেস-এ। তরুণী পোনাম্মা মহিসুরু যাচ্ছিলেন। যাত্রাপথেই হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় এবং একসময় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।
খবর পেয়ে লোকো পাইলট বানতল তালুকের বিসি রোড এলাকায় ট্রেন থামান। তবে স্বাস্থ্যকর্মীরা পৌঁছাতে দেরি করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এসময় ট্রেনের দুই মুসলিম নারী সহযাত্রী এগিয়ে আসেন।
তারা পোনাম্মাকে ট্রেনের শৌচাগারে নিয়ে যান এবং রেলকর্মীদের সহায়তায় সেখানেই নিরাপদে প্রসব করান। স্বাস্থ্যকর্মীরা পৌঁছানোর আগেই তাদের সহযোগিতায় নবজাতকের জন্ম হয়।
পরে বানতল স্টেশনে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয় এবং মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।



