প্রাইভেট পড়াতে রাজি না হওয়ায় শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ২

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেট পড়াতে রাজি না হওয়াকে কেন্দ্র করে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চৌঘরিয়া আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের সামনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষক মনজিল মোল্লা (৩২) ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—রাশিদুল ইসলাম (২৬) এবং ইমন মিয়া (২০)। এ ঘটনায় আরও এক কিশোর পলাতক রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা শিক্ষককে স্কুলের গেটের সামনে ডেকে নিয়ে প্রাইভেট পড়ানোর অনুরোধ করেন। শিক্ষক সময় না থাকায় অনুরোধটি প্রত্যাখ্যান করলে তারা ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা একজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তবে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনূর মিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
পরে ভুক্তভোগী শিক্ষক শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



