প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আগারগাঁও থেকে ‘ভিভিআইপি প্রতারক’ গ্রেফতার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর সফল অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই হাই-প্রোফাইল প্রতারক।
রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানিয়েছে, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
তার এসব কর্মকাণ্ডের বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ পৌঁছালে গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত শুরু করে। পরে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় তার বাসভবনে অভিযান চালানো হয়। প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযানের পর আজ সকাল ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং কতজনের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমআর



