Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

প্রথম ক্রিকেট পোর্টাল হিসেবে নিবন্ধন পেল বিডিক্রিকটাইম

দেশের ক্রিকেটভিত্তিক ডিজিটাল সাংবাদিকতার ইতিহাসে নতুন এক মাইলফলক যুক্ত হয়েছে। দেশের প্রথম ক্রিকেট বিষয়ক অনলাইন গণমাধ্যম হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে জনপ্রিয় ক্রিকেট জার্নাল বিডিক্রিকটাইম।

সোমবার  ( ৯ ফেব্রুয়ারি )  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিডিক্রিকটাইমের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়। শুধু ক্রিকেট নিয়ে কাজ করা অনলাইন গণমাধ্যমগুলোর মধ্যে বিডিক্রিকটাইমই প্রথম এই সরকারি স্বীকৃতি অর্জন করেছে, যা দেশের অনলাইন স্পোর্টস সাংবাদিকতার জন্য একটি উল্লেখযোগ্য ও ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

মোঃ জাবেদ আলীর হাত ধরে প্রতিষ্ঠিত বিডিক্রিকটাইমের যাত্রা শুরু হয় এক যুগেরও বেশি সময় আগে। শুরু থেকেই এটি একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ক্রিকেট পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করে। সময়ের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমী পাঠক ও দর্শকদের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে বিডিক্রিকটাইম।

 

দেশীয় ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্লেষণ, ব্রেকিং নিউজ ও বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে নিজস্ব একটি শক্ত অবস্থান তৈরি করেছে এই পোর্টাল। বর্তমানে বিডিক্রিকটাইম কেবল সংবাদ প্রকাশেই সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ ক্রিকেট প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। যেখানে রয়েছে লাইভ স্কোর, ম্যাচের সময়সূচি, খেলোয়াড়দের বিস্তারিত প্রোফাইল, পরিসংখ্যান, বিশ্লেষণ এবং ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের বিস্তৃত কাভারেজ।

 

বিডিক্রিকটাইমের প্রতিষ্ঠাতা ও এডিটর ইন চিফ মো. জাবেদ আলী জানান, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন পাওয়া বিডিক্রিকটাইমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এক যুগেরও বেশি সময় ধরে আমরা যে দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে ক্রিকেট সাংবাদিকতা করে আসছি, এই স্বীকৃতি তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। আমাদের পাঠক-দর্শক, শুভানুধ্যায়ী ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামনে আরও দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও ইতিবাচক ক্রিকেট সাংবাদিকতার মাধ্যমে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই।”

 

সরকারি নিবন্ধনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিডিক্রিকটাইমের অসংখ্য পাঠক ও দর্শক। বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে মন্তব্যের ঘর, যা প্রমাণ করে—বিডিক্রিকটাইম কেবল একটি গণমাধ্যম নয়, বরং ক্রিকেটপ্রেমীদের আবেগের একটি নির্ভরযোগ্য ঠিকানা।

 

এদিকে, বিডিক্রিকটাইমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত হওয়ায় বিডিক্রিকটাইমকে অনেক অভিনন্দন। আমরা আশা করব, অনলাইন মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাই নিবন্ধনের আওতায় আসবেন। বিডিক্রিকটাইম যেভাবে ধারাবাহিকভাবে দেশ ও দেশের বাইরে ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছে, তা আমাদের গর্বিত করে। ইতিবাচকভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে আপনারা যে ভূমিকা রাখছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই কাজটা দেশের জন্য, ক্রিকেটের জন্য চালিয়ে যাবেন—এই প্রত্যাশা রইল।”

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনের মাধ্যমে বিডিক্রিকটাইমের জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল, পেশাদার ও বিশ্বাসযোগ্য ক্রিকেট সাংবাদিকতা উপহার দেওয়ার পথকে আরও সুদৃঢ় করবে—এমনটাই প্রত্যাশা পাঠক, দর্শক ও ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button