এফবিএস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ – সিজন ৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল জিমনেসিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্টে ক্লাব সদস্য ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতামূলক ম্যাচ, ক্রীড়াসুলভ আচরণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. বি. আলম খন্দকার বাহার, প্রধান নির্বাহী কর্মকর্তা, হাইবালি স্যানিটারি বাথ কেয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল বিল্লাহ (শিমুল), ভাইস প্রেসিডেন্ট জনাব মো. হুমায়ুন কবির (শিপন), জনাব গোলাম মহিউদ্দিন টগর, পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড এবং জনাব রইস উদ্দিন, কোষাধ্যক্ষ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের মাঝে বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।
টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফলাফল অনুযায়ী— ক্লাব সদস্য ডাবলসে চ্যাম্পিয়ন হন বাদশা মিয়া ও সঞ্জিত কুমার বিশ্বাস এবং রানার্স-আপ হন তাসামুল হক ও জিয়াউল আবেদিন। ক্লাব সদস্য সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হন তাসামুল হক এবং রানার্স-আপ হন বাদশা মিয়া। বর্তমান শিক্ষার্থী পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হন সুবিদ্ধ ও ইমাম এবং রানার্স-আপ হন ফাহাদ ও দীপ্ত। বর্তমান শিক্ষার্থী নারী ডাবলসে চ্যাম্পিয়ন হন মারিয়াম খানাম ও রাইসা তাসনিম আদ্রি এবং রানার্স-আপ হন মাহজাবিন খান রাইসা ও আনিকা জুই তাসনিমে।
উল্লেখ্য, টুর্নামেন্টটি মোহাম্মদ নাজিব ইসলাম রাসেল-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার চেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
টুর্নামেন্টের সফল বাস্তবায়নে ক্রীড়া সম্পাদক জনাব আসিফুর রহমান খান এবং সহকারী ক্রীড়া সম্পাদক জনাব মো. রেজাউল করিম-এর কার্যকর দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ এই আয়োজনে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, সম্মানিত অতিথি, পৃষ্ঠপোষক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
ওএফ



