Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিএনপির ইশতেহারে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের পাশাপাশি প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহার পাঠ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী।

ইশতেহারে বলা হয়, প্রবাসীদের জন্য চালু করা হবে ‘প্রবাসী কার্ড’, যেখানে প্রবাসীদের তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষিত থাকবে। এই কার্ড ব্যাংক পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে, ফলে সহজে রেমিট্যান্স পাঠানো যাবে। এতে রেমিট্যান্সে বাড়তি প্রণোদনার পাশাপাশি দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

বিএনপি জানায়, প্রবাসী বাংলাদেশিদের প্রবাসীকল্যাণ ফাউন্ডেশনের সদস্যপদ দেওয়া হবে। মৃত্যু, দুর্ঘটনা বা চাকরি হারালে সহায়তা, উদ্যোক্তা কার্যক্রমে এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল সুবিধা, দেশে ফেরত প্রবাসীদের কর্মসংস্থান এবং তাঁদের পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। পুনরায় বিদেশে যেতে সহায়তার কথাও বলা হয়েছে।

ইশতেহারে উল্লেখ করা হয়, বিগত শাসনামলে সিন্ডিকেটের মাধ্যমে জনশক্তি রপ্তানি খাত নিয়ন্ত্রিত হওয়ায় ব্যয় বেড়েছে এবং বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। বিএনপি এসব সিন্ডিকেট ও প্রতারণা বন্ধে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে।

দলটি জানায়, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রস্তুত করতে গুণগত ও অবকাঠামোগত পরিবর্তন আনা হবে এবং প্রবাসীদের অধিকার রক্ষায় কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।

বিএনপি পাঁচ বছরে এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে উপজেলায় তালিকাভুক্তদের প্রশিক্ষণ, ভাতা প্রদান, দরিদ্রদের শূন্য বা ন্যূনতম খরচে বিদেশে পাঠানো এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর ও দূতাবাসে প্রবাসীদের জন্য ঝামেলামুক্ত ও সম্মানজনক সেবা নিশ্চিত করা এবং বিমানবন্দরে লাগেজ ফ্যাসিলিটির নিরাপত্তায় কঠোর নজরদারির ঘোষণা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button