নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন
আসামী গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সব আসামিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। অন্যথায় নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) ও মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপসারণসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর পরিচালনায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল আসামিদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এজাহারভুক্ত আসামিদের ছবি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।
মানববন্ধনে জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ল’ রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডিজাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ), ঢাকা মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ক্র্যাবের পিকনিকের বাসে চাঁদার দাবিতে হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ফুঁসে উঠেছে। ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইজিপি কেউই ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেননি, আহতদের খোঁজ নেননি—যা দুঃখজনক। তিনি অভিযোগ করে আরও বলেন, হামলাকারীরা চিহ্নিত চাঁদাবাজ এবং তাদের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়ায় নরসিংদীর এসপি ও ওসির অপসারণ দাবি করেন তিনি।
ডিইউজে সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ক্রাইম রিপোর্টাররা যখন হামলার শিকার হন, তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে ওঠে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, এ ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিবাদ সভায় ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, ভিডিও ও সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া আসামিদের এখনো গ্রেপ্তার না করা প্রশাসনিক গাফিলতির পরিচয়। সময়মতো অভিযান না চালিয়ে পুলিশ আসামিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।
ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, মধুসূদন মণ্ডল ও কামরুজ্জামান খান পুলিশের দেরিতে ঘটনাস্থলে পৌঁছানো এবং আংশিক গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ডিজাব সভাপতি মো. আলমগীর হোসেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং হামলার মূল হোতাদের শনাক্ত করার দাবি তোলেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ক্র্যাবের পিকনিকের বাসে চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন ক্র্যাব সদস্য আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নরসিংদী সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মাধবদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওএফ



