পিতার পাপের ঘানি? রিমান্ডে সোহানুর রহমান সোহান

পিএসসি’র সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আজ সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
গত ২০ জানুয়ারি দুদক সোহানুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর ২২ জানুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।
আজ কারাগার থেকে সোহানুরকে আদালতে হাজির করা হলে দুদকের প্রসিকিউটর রিমান্ডের পক্ষে যুক্তি দেখান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড অনুমোদন করেন।
গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী ও তার পরিবারের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের করে দুদক। এজাহার অনুযায়ী তাদের সম্পদের বিবরণ নিম্নরূপ:
সৈয়দ আবেদ আলী সন্দেহজনক ব্যাংক লেনদেন ৪১ কোটি ২৯ লাখ টাকা (১২টি অ্যাকাউন্ট)
অবৈধ সম্পদ অর্জন ৩ কোটি ৭৩ লাখ টাকা
শাহরিন আক্তার (স্ত্রী) সন্দেহজনক ব্যাংক লেনদেন ৩ কোটি ৫৬ লাখ টাকা (২টি অ্যাকাউন্ট)
অবৈধ সম্পদ অর্জন ১ কোটি ২৬ লাখ টাকা
সোহানুর রহমান (ছেলে) অবৈধ সম্পদ অর্জন ৩ কোটি ৩০ লাখ টাকা
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত হওয়ার পর থেকেই এই পরিবারের বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু করে দুদক। বর্তমানে সেই তদন্তের অংশ হিসেবেই সোহানুর রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।



