নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ আখ্যা দিলেন ইশরাক

ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক কিছু মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় ইশরাক তাকে ‘মানসিক বিকারগ্রস্ত’ বলে অভিহিত করেন এবং তার চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।
গত রবিবার ধূপখোলা মাঠের এক জনসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজ ও জমিদারদের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন। ইশরাক হোসেনের মতে, ওই বক্তব্যে ব্যবহৃত ভাষা ছিল অত্যন্ত ‘কুরুচিপূর্ণ’ এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
নাসীরুদ্দীনের বক্তব্যকে মানসিক অসুস্থতার লক্ষণ হিসেবে বর্ণনা করে ইশরাক বলেন, তার দ্রুত চিকিৎসা ও রাজনৈতিক শিষ্টাচার শেখা প্রয়োজন। আপত্তিকর বক্তব্যের জন্য নাসীরুদ্দীনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষমা না চাইলে সংশ্লিষ্ট দলের উচিত তাকে বহিষ্কার করা এবং তার প্রার্থিতা বাতিল করা।
ইশরাক জানান, দেশের সামগ্রিক নির্বাচনি পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও এ ধরনের ‘বেফাঁস’ মন্তব্য ভোটারদের মাঝে অস্বস্তি সৃষ্টি করছে।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি সভায় যোগ দেন। সেখানে বলেন তিনি নির্বাচিত হলে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। চিকিৎসা খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
সূত্রাপুর এলাকায় দিনব্যাপী তার এই গণসংযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।



