রাজশাহী জিতলে বাসর, হারলে নয় — নববধূর শর্তে বাসর ফেলে স্টেডিয়ামে বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালকে ঘিরে দর্শকদের উত্তেজনার শেষ নেই। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। সময় যত গড়াচ্ছে, ততই দর্শকদের ভিড় বাড়ছে স্টেডিয়াম চত্বরে।
ঠিক এমনই এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হয়েছে মিরপুর। বর সাজে এক যুবককে দেখা যায় স্টেডিয়ামে প্রবেশ করতে। জনপ্রিয় অনলাইন পোর্টাল বিডিক্রিকটাইম কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই যুবক জানান, বিয়ের পর বাসর না করেই তিনি মিরপুরে এসেছেন। কারণ, তার স্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজশাহী ওয়ারিয়র্স ফাইনাল না জিতলে বাসর হবে না।
ওই যুবক আরও জানান, তিনি রাজশাহী দলের একজন বড় সমর্থক। তার প্রিয় খেলোয়াড় নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। তার বাড়ি বাগেরহাটে, তবে শ্বশুরবাড়ি রাজশাহীতে হওয়ায় রাজশাহীর প্রতি আলাদা সমর্থন তার। তার স্ত্রী জাতীয় দলের ওপেনার নাজমুল হোসেন শান্তর ভক্ত।
ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি শতভাগ নিশ্চিত, আজ রাজশাহী জিতবে। যদি রাজশাহী আগে ব্যাট করে, তাহলে ২০০ রানের বেশি করবে ইনশাআল্লাহ।”
বাংলাদেশের জনগণ যে ক্রিকেটপ্রিয়, তা আবারও প্রমাণিত হলো। ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি খেলা নয়; এটি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ।
ওএফ



