লবণশ্রমিকদের ঘামভেজা হাসিতে সালাহউদ্দিন আহমদের সেলফি

কক্সবাজারের পেকুয়ায় আজ দেখা গেল এক অন্যরকম রাজনৈতিক আবহ। মগনামা লঞ্চঘাট এলাকায় প্রখর রোদে লবণমাঠে কাজ করছিলেন শ্রমিকেরা। এমন সময় হঠাৎ সেখানে গাড়ি থামিয়ে নেমে পড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। একজন হাইপ্রোফাইল নেতার এমন আকস্মিক উপস্থিতিতে সাধারণ শ্রমিকদের মাঝে মুহূর্তেই কৌতূহল ও আনন্দের সৃষ্টি হয়।
লবণমাঠে নিয়োজিত শ্রমিকদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির আমলে আমরা লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আবার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এখন অস্থায়ী সরকার ক্ষমতায় রয়েছে। তাদের বলে আপাতত লবণ আমদানি বন্ধ করিয়েছি।’
নিজ প্রতীকে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি ছাড়া কেউ জনগণের কল্যাণ নিশ্চিত করে না। ক্ষমতায় গেলে বিএনপি লবণচাষিদের স্বার্থে কাজ করবে। চাষিদের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে।’
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নির্বাচনী লড়াইকে সামনে রেখে জেলা নির্বাচন অফিস সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯ জন। লিঙ্গভিত্তিক বিভাজনে দেখা যায়, এখানে পুরুষ ভোটার ২ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৬২০ জন। এই বিপুল সংখ্যক ভোটারের রায়ই নির্ধারণ করবে চকরিয়া-পেকুয়ার আগামী দিনের নেতৃত্ব।



