জুলাই আন্দোলন নিয়ে নিথর মাহবুবের ‘রক্তে আগুন লেগেছে’
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে নিথর মাহবুব (মূ-কাকু) এর একক মূকাভিনয়ের সন্ধ্যা ‘রক্তে আগুন লেগেছে’। এক ঘণ্টার অধিক এই মূকাভিনয়ে থাকে নির্বাক ভাষায় সমাজ ও জীবনের গল্প।
মূলত মূকাভিনয় শব্দহীন ভাষায় বলে দেয়- জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা। এই ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে, তারই উপস্থাপন ‘রক্তে আগুন লেগেছে’।

জানা যায়, এটি নিথর মাহবুব-এর একক মূকাভিনয় নাটক। লেখা, নির্দেশনা ও অভিনয় করেছেন নিথর মাহবুব নিজে। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষা। এর গল্প উঠে এসেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে।
একটা সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা, এই আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তার নিজস্ব ভাষায়, নির্বাক ভাষায়। নিথর মাহবুব ও মাইম আর্টের পক্ষ থেকে এই শো এক নীরব শ্রদ্ধা।

মূক নাটকটির সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে রয়েছেন, ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। এছাড়াও নেপথ্যে ছিলেন, লেমন, টুটুল, রিপন, অনিক, রবিন ও ব্যাপ্তি আলমগীর প্রমুখ।
এসআর



