অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন আরও ৪ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারে নতুন চার উপদেষ্টা শপথ নিয়েছেন। বঙ্গভবন থেকে আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক আমলা আলী ইমাম মজুমদার ও ফাওজুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সে হিসেবে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সংখ্যা এখন ২১ জনে দাঁড়াল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রয়েছে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব।
বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মুক্তিযুদ্ধে এবং কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন চার উপদেষ্টা। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় শপথ অনুষ্ঠান।



