চালের বস্তায় মূল্য লেখার নির্দেশানার বাস্তবায়ন নেই কুষ্টিয়ার বাজারে

চালের বাজার নিয়ন্ত্রণে গত ১৪ এপ্রিল থেকে বস্তার গায়ে চালের মূল্য, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করা হলেও,এখন পযরযন্ত বাজারে তা বাস্তবায়ন হয়নি। এসব তথ্য ছাড়াই আগের মতই বাজারে বিক্রি হচ্ছে চাল। মিল মালিকরা বলছেন,নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। বস্তার গায়ে ছাপ দিতে মেশিন কিনছেন তারা। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে,এসব তথ্য ছাড়া নতুন উৎপাদিত কোন চাল বাজারজাত করলে, জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের।
সরকারের নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসেনি দেশের চালের বাজার। গত ফেব্রুয়ারীতে খাদ্য মন্ত্রণালয় চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে পরিপত্র জারি করে। পহেলা বৈশাখ থেকে এ নির্দেশনা বাস্তবায়নের কথা থাকলেও,বাস্তবে তা এখনো কার্যকর হয়নি।
দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোন চালকলেই বস্তায় এসব তথ্য দেয়া শুরু করেনি। বাজার ঘুরে দেখা যায়, আগের মত তথ্য ছাড়াই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। এতে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খুচরা বিক্রেতারা বলছেন,খাজানগরের মিলগুলোতে এখনো বস্তায় তথ্য লেখা শুরু না হওয়ায়,আগের মতই বিক্রি করতে হচ্ছে চাল।
এদিকে,সরকারি নির্দেশনা বাস্তবায়নে সময় লাগবে বলে জানিয়েছেন,মিল মালিকরা। বাজার কর্মকর্তা বলছেন,সরকারী নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে, জরিমানাসহ সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মিলারদের।
বাংলা টিভি / বুলবুল



