৬ দফা দাবিতে বাপেক্সের অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের বাপেক্সের অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতির প্রতিবাদে ৬ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর কাওরান বাজারে বাপেক্স ভবন এবং পেট্রোবাংলার সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশ থেকে ৬টি দাবি তুলে ধরেন ভুক্তভোগীরা।
দাবিগুলো নিম্নরুপ:
১. বাপেক্সে কর্মরত সব অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।
২. আউট সোর্সিং খাত সম্পূর্ণ বাতিল করতে হবে।
৩. রাজস্ব খাত বহাল রাখতে হবে।
৪. ২০১১ সালের অর্গানোগ্রাম বহাল রাখতে হবে।
৫. রাজম্ব খাতের শূন্য পদের বিপরীতে নিয়োজিত অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না।
৬. স্থায়ী পদের সংখ্যা বাড়াতে হবে।
চাকুরিচ্যত কর্মচারীদের মধ্যে ফয়সাল আহমেদ, বিল্লাল হোসেন, রুপন কান্তি দাশ, মো. রেদোয়ান, মো. রফিক, মো. মিজানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,সরকারি অফিসে আউট সোর্সিং কর্মচারীদের রাজস্ব খাতে এনে চাকুরী স্থায়ীকরণ করা হয়।কিন্তু বাপেক্স অস্থায়ী কর্মচারীদের রাজস্ব খাত থেকে পদাবনতি দিয়ে আউট সোর্সিং খাতে পাঠানো হয় যা সম্পূর্ণ বে-আইনী।
বক্তারা আরও বলেন,কোনো লিখিত আদেশ না দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সে নিয়োজিত অস্থায়ী কর্মচারীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনার জন্য বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সহ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা দায়ী বলেও জানান তারা।



