বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ঈদে মিলাদুন্নবী পালন

বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীরা পালন করছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী। আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে ধর্মীয় সম্প্রতিতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ অনুসরণের আহবান জানিয়েছেন বক্তারা।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আইটিভির উদ্যোগে সিরাতুন্নাবী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানবতার কল্যাণে মুহাম্মদ সা.- শিরোনামে কনফারেন্সটি নিউইয়র্ক সিটির কুইন্সের সাতফিন বুলেভার্ডের হিলসাইড এভিনিউয়ের তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইটিভি ইউএসএ-এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ।
আমাদের নিউইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানান, কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব আবু জাফর বেগ, পরিচালক ইমাম শামসী আলী, বায়তুল মামুর মসজিদের ইমাম ও খতিব দেলোয়ার হোসাইন, ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের ইমাম ও খতিব জাকির আহমেদ, দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব আবদুল মুকিত, মসজিদ আবু হুরায়রা-এর ইমাম ও খতিব মুফতি হাফিজ ফায়েকুদ্দিন এবং আল মামুর স্কুলের ইসলামিক স্টাডিজের প্রধান ইমাম জাফির আলী সহ অনেকে।

ইসলামিক আলেম ও স্কলারগণ দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ইহকাল ও পরকাল সুন্দর করার আহবান জানান। বক্তারা বলেন, হযরত মুহম্মদ সা: শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য।
এ সময় বক্তারা কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন দিক তুলে ধরেন এবং রাসুলের সা. জীবনাদর্শ প্রত্যেক মুসলমানকে অনুসরণ করার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবার কাছে পৌছে দেওয়ারও আহবান জানান।
এদিকে, আবুধাবীতে গাউছিয়া কমিটি বাংলাদেশ আবুধাবী রাজধানী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, মাহফিলে সভাপতিত্ব করেন, গাউছিয়া কমিটি রাজধানী আবুধাবী শাখার সভাপতি মোহাম্মদ জাহাংগীর। সাধারন সম্পাদক মোহাম্মদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি আমিরাত কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব জানে আলম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহা্মমদ ফরিদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহা্ম্মদ আজম খান ও আলহাজ্ব ছরোয়ার আলমসহ অনেকে।পরে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।

এছাড়া আবুধাবীর মোছাফ্ফার মোহাম্মদ আলী গ্যারেজেও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খতমে কুরআন,ওয়াজ ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবদুল আজিজ, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আনসারী, হাফেজ আবু তাহের সহ অনেকে। তারা বলেন,মহানবী সা: বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে এসেছেন। তাই তা্র জীবন আদর্শ অনুসরন অনুকরনের আহবান জানানো হয় সবাইকে।
এ সময় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন হাজী আবুল কাসেম,হাজী জাফর আহমদ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ আলী, আজিম সিকদার, মোহাম্মদ আজম খান, মোহাম্মদ লোকমান। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে, সৌদিআরবের মদিনায় আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন মদিনা শরীফ শাখার উদ্যোগে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের মদিনা প্রতিনিধি ফ ই ম ফরহাদ জানান, তৌহিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এম খলিল মিয়াজী। এতে প্রধান অতিথী ছিলেন আল্লামা হারুন মোস্তফা আল রশীদি। বিশেষ অতিথী ছিলেন,এম সুজন ইব্রাহীম, শিমুল হোসাইন গাজী ও ইউসুফ মিয়াজী। ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, সালাহ উদ্দিন আল আবেদী, নাছির উদ্দিন নূরী, আব্দুল খালেক, মাসুদুল হক ও ইমতিয়াজ উদ্দিন। মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
বাংলাটিভি/শহীদ



