জাতীয় শোক দিবস পালন করেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা

বিশ্বজুড়ে শ্রদ্ধা আর ভালবাসায় জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাসের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ।এসময় বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে, প্রবাসীদের কাছ থেকে তথ্য সহায়তাও চান বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতগণ।
গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্মেদের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোহাম্মদ খালিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস,গ্রীস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান শেলু, সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদার,সহ -সভাপতি সামাদ মাতুব্বর ও সহ -সভাপতি আলমগীর হোসেন সহ অনেকে।
এদিকে, যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তুরস্কের আঙ্কারায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিন সকালে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় সকলেই দিবসটি স্মরণে কালো ব্যাজ পরিধান করেন। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীদের পরিবারের উপস্থিতিতে রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। দূতাবাসের শেখ রাসেল শিশু কর্নারে রাষ্ট্রদূত শেখ রাসেলের ছবি অবমুক্তকরণ, শিশুদের খেলার সরঞ্জামাদি,পুস্তক শেলফ স্থাপন, শেখ রাসেল ও বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমিরাতের বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার রজনীগন্ধা খান সিআইপি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান। উদ্বোধনী বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন, সংস্থার সহ-সভাপতি সরওয়ার আলম আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুধাবি স্পোর্টসের টিম ম্যানেজার সাইফুল ইসলাম খোকন, জামাল উদ্দিন ও সাংবাদিক এম আবদুল মন্নান সহ অনেকে।
জাতীয় শোক দিবসে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’র পক্ষ থেকে লন্ডনে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পূর্ব লন্ডনের একটি হলে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি এডভোকেট টি.এম. জানে আলম বুলবুল। সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরীর সার্বিক তত্তাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান দুলাল। এসময় সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এডভোকেট জানে আলম, সাধারন সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, উপদেষ্টা আতিয়ার রসুল কিটন সিকদার,সাইফ রহমান ও কামাল উদ্দিন চৌধুরী সহ অনেকে।
বাংলাদেশ দূতাবাস বেইজিং এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং-এ স্বাধীনতার স্থপতি,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ কমিউনিটির নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিতে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে পবিত্র কোরআন তেলওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাটিভি/ এস



