বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
রোববার সকালে দূতালয় প্রধান মো রুহুল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জাতির জনক, ১৫ আগস্টের সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে এক মিনিট নীরবতা পালনের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইকমিশনার মোঃ গোলাম সারোয়ার, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মুশতাক আহমেদ, শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, মো. হেদায়েতুল ইসলাম মন্ডল ও কমার্সিয়াল কাউন্সেলর মো. রাজিবুল আহসানসহ আরও অনেকে । করোনাভাইরাস পরিস্থিতিতে এসওপি মেনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ আওয়ামীলীগ আবুধাবী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে, যৌথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশনেন আবুধাবী শাহামা আওয়ামী লীগ, আবুধাবী গিয়াসী আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
আবুধাবীর এলেক্ট্রাস্হ ময়নামতি রেস্টুরেন্টের হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশনেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব। আবুধাবী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার হোসাইন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সহ-সভাপতি ইনামুল কবির রবীন, উপদেষ্টা প্রকৌশলী আশিষ বড়ুয়া, সহসভাপতি মোঃ ফেরদৌস আলম, সহসভাপতি মোঃ নূর হোসেন, শাহামা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুলহকসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ১৫ আগস্টের কালরাতে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধুসহ সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া, বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে, ভার্চুয়াল এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির বাহরাইনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি বশির আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
গভীর শ্রদ্ধা আর যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস, টোকিও। রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাংলাটিভি/ এস



