যুক্তরাষ্ট্রের আটলাণ্টিক সিটিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ মেলা

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলাণ্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ মেলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথজার্সির উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ মিলন মেলাকে কেন্দ্র করে বাংলাদেশিদের উৎসবে মুখর ছিল আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়াম। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে ছড়ি্য়ে দিতে এ আয়োজন হতে পারে নতুন মেলবন্ধন।
আটলান্টিক সিটির এ বাংলাদেশ মেলা হচ্ছে সাউথজার্সিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য ঢাকার রমনা বটমূলের বৈশাখী বরণের মত। কেউ বা বলেন এ আয়োজন যেন চট্রগ্রামের লালদিঘীর জব্বারের বলিখেলার মতোই উচ্ছ্বাসে ভরপুর। বাংলাদেশ মেলাকে সামনে রেখে আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা চাকরি থেকে ছুটি নিয়ে অংশ নেন এ আয়োজনে।
ছুটির দিন থাকায় বিদেশে বসে দেশীয় সংস্কৃতির স্বাদ নেয়ার জন্য উপস্থিত ছিল সাউথজার্সিতে বসবাসরত স্কুল-কলেজের বাংলাদেশী ছেলেমেয়েরা। আয়োজকরা বলেন, একটি সুন্দর মেলার মাধ্যমে প্রবাসীদের আনন্দ দেয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির যোগাযোগের সেতুবন্ধন রচিত হয়।
এ ধরনের আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে বিদেশীরাও। আয়োজকরা জানান, ২০১৮ সালের মতো এই মেলা থেকে আয়কৃত অর্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।
বাংলাদেশ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল কাদের। এবারের মেলার আহবায়ক ছিলেন গিয়াসউদ্দিন পাঠান এবং সদস্য সচিব মো. আইয়ুব। এ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথজার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।
বাংলাটিভি/ বিশ্ববাংলা



