বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় লন্ডনে এক ব্যক্তির কারাদণ্ড

বাংলাদেশ সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণা চালানোয় লন্ডনে মুন্না হামজা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে, কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে।
দক্ষিণ লন্ডনের মুন্না হামজা সন্ত্রাসবাদ আইন অনুযায়ী, সন্ত্রাসবাদকে উত্সাহিত করার জন্য তিনটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। শুক্রবার ওলউইচ ক্রাউন আদালতে মোট তিন বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় তাকে।
জানা গেছে, হামজা ২০১৫ সাল থেকে বেশ কয়েকটি পোস্টে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী সহিংসতা ছড়িয়ে আসছে। সে পোস্টে অন্যদেরকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে গুরুতর সহিংসতা করার আহ্বান জানিয়েছে।
২০১৮ সালের জুলাই মাসে দক্ষিণ লন্ডনে কাজের জায়গা থেকে লন্ডন পুলিশ হামজাকে গ্রেফতার করে। পরে তার কম্পিউটার, ফোন এবং মেমরি স্টিকগুলো ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়।



