লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৪১৮ বাংলাদেশি

লেবানন থেকে চতুর্থ ধাপে দেশে ফিরছেন, আরো ৪১৮ বাংলাদেশি। বুধবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে, বৃহস্পতিবার সকালে তারা বাংলাদেশে পৌঁছুবে বলে জানায়, দূতাবাস। মঙ্গলবার বৈরুতের ক্ল্যাসিকো ষ্টেডিয়ামে তাদের সবার হাতে, বিমানের টিকেট তুলে দেয়, বাংলাদেশ দূতাবাস।
এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে সবাইকে জরিমানা ও করোনা পরীক্ষার অর্থ ফেরত দেয়া হয়। অভিবাসীরা জেল জরিমানা ছাড়া দেশে ফিরতে পেরে, দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জানান, ২৮ ফেব্রুয়ারীর পর নতুন করে, কোন বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধনের সুযোগ পাবেন না।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচীর আওতায়, সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে। এর আগে বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইটে, ১,২৭০জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।
দেশটিতে করোনায় দীর্ঘ মেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটের কারনে বৈধ ও অবৈধ সকল বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করছেন।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



