মালয়েশিয়া প্রবাসীদের পোস্ট অফিসে পাসপোর্ট

চলতি সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে, সরকারি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ। জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার।
মালয়েশিয়ায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনের কারনে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচলের উপর রয়েছে, বিভিন্ন বিধিনিষেধ আর এই কারণে বাংলাদেশ দূতাবাসে এসে পাসপোর্ট সংগ্রহ অনেকটাই অসম্ভব হয়ে পড়ছে, দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের।
তবে যাদের ভিসা আছে তাদের মধ্যে কেউ কেউ দূতাবাসে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারলেও, অধিকাংশই দূতাবাসে আসতে পারছেন না। অন্যদিকে সময়মতো পাসপোর্ট সংগ্রহ করতে না পারায়, অনেকেই বৈধতা হারাতে পারেন এবং যারা অবৈধভাবে দেশটিতে বাস করছেন তারাও বর্তমান সরকারের দেওয়া বৈধতা গ্রহন করতে পারবেন না।
গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার তার আলোচনায়, পাসপোর্ট বিতরনের বিষয়টি অবগত করেন। বাংলাদেশ হাইকমিশনারের এমন বক্তব্য ও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীরা।
দূতাবাসের নেয়া এমন উদ্যোগে, আনন্দ প্রকাশ করেছেন প্রবাসীরা, সেই সাথে তাড়াতাড়ি পাসপোর্ট ডেলিভারির অনুরোধও জানান, তারা।
দ্রুত সময়ের মধ্যে সবার হাতে পাসপোর্ট পৌছে যাবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।
মোহাম্মদ আলী, বাংলা টিভি, মালয়েশিয়া



