Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নানা আয়োজনে প্রবাসীদের বিজয় দিবস পালন

যথাযথ মর্যাদায় মালয়েশিয়া, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমিরাত ও সৌদি আরবে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালে যেসব শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছিলো, সেইসব মহান সৈনিকদের প্রতি এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রদূত মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে ও প্রথম সচিব তাহমিনা ইয়াসমিনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে, জাতীয় সংগীতের সাথে লাল সবুজর পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বিজয় দিবস। কোভিড বিধিনিষেধের কারণে কমিউনিটি নেতৃবৃন্দ সরাসরি যোগ দিতে পারেননি, তবে অনলাইনে যুক্ত হন তারা।

বাহরাইনে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি বাবু দুলাল দাশের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাহরাইন আওয়ামীলীগের সভাপতি মনজুর আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের সভাপতি, মোহাম্মদ কয়েছ আহমেদ।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত, বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কর্মকর্তা কর্মচারী ও সাধারণ প্রবাসীদের উপস্থিতিতে, এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে হাইকমিশনার সুফিউর রহমান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন।

পরে নানা আয়োজন শেষে সন্ধ্যায় ক্যানবেরা কলেজের পারফর্মিং আর্ট সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া, সিডনীতে অবস্থিত কনস্যুলেট ভবনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সৌজন্য উপহার ও সনদ বিতরণ করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান মোহাম্মদ আক্তার সুপার মার্কেট অ্যাণ্ড গ্রুপের উদ্যোগে, মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ আক্তার হোসেন।

এরপর কেক কাটা ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে, বিজয় দিবস উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মীর আল আমিন সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে অবস্থিত, বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, স্কুলটির শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম ও নিগার সুলতানার যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে, শিক্ষার্থীদের প্রবন্ধ রচনা, চিত্রাংকন, বঙ্গবন্ধুর ভাষণ ইত্যাদির ওপর প্রতিযোগীতা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, স্কুলটির প্রিন্সিপাল রাজুল মৌসুম। তিনি একাত্তরের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।

বিজয়ের মাসে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশীরা দেশের কল্যাণে আরো বেশী করে আত্মনিয়োগ করবে, দেশ এগিয়ে যাবে তার কাঙ্খিত লক্ষ্যে, এমনটাই চাওয়া প্রবাসীদের।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button