বৈধপথে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের পুরস্কার দেবে গ্রীস দূতাবাস

গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদেরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে পুরস্কার দেয়া হবে।
গত শুক্রবার এথেন্স দূতাবাসের শ্রম উইং একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২০১৬ সালে প্রথমবারের মত চালু হওয়া এই পুরস্কারটি প্রতিবছরের মতো এবছরও আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে দেয়া হবে।
যেসব প্রবাসী বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন, তাদের মধ্য থেকে বাছাই করে অল্প কয়েকজনকে এই পুরস্কার দেয়া হবে। ব্যাক্তি পর্যায়ে প্রতিমাসে ন্যূনতম ৫০০ ইউরো পাঠিয়েছে, এমন ৩ জন পুরুষ ও ২ জন নারী এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশির মালিকানাধীন, প্রতিমাসে ন্যূনতম ৫০ হাজার টাকা পাঠিয়েছে, এমন ২ টি প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হবে।
পুরস্কার পেতে আগ্রহী প্রবাসীদেরকে আগামী ২০ নভেম্বরের মধ্যে দূতাবাসে আবেদন জমা দিতে বলা হয়েছে। প্রবাসীদের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রদূত মোহাম্মদ আসুদ আহমেদের অধীনে ৩ সদস্য বিশিষ্ট একটি দল আবেদনপত্রসমূহ যাচাই বাছাই করে রাষ্ট্রদূতের কাছে চূড়ান্ত মনোনয়নের জন্য উপস্থাপন করবে।
রাষ্ট্রদূতের অনুমোদন পাওয়ার পর ১৫ ডিসেম্বরের মধ্যে পুরস্কারের জন্য মনোনীত প্রবাসীদের নামের তালিকা প্রকাশ করবে দূতবাস। উল্লেখ্য, পুরস্কার হিসেবে দূতাবাসের নামাঙ্কিত ক্রেস্ট ও একটি সম্মাননা পত্র দেওয়া হবে।



