দুবাইয়ে পাসপোর্ট জালের অভিযোগে বাংলাদেশি আটক

দুবাইয়ে সহকর্মীর পাসপোর্ট জাল করার অভিযোগে, এক বাংলাদেশি ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডির এক সার্জেন্ট এর বরাত দিয়ে, গত মঙ্গলবার আমিরাতের জনপ্রিয় গণমাধ্যম খালিজ টাইমস জানায়, ব্যাংক কর্তৃপক্ষ দুবাইয়ের আল রাশিদিয়া থানায় অভিযোগ দায়ের করলে, ঐ বাংলাদেশিকে আল কুসাইস এলাকার একটি পেট্রোল পাম্পের কাছ থেকে গ্রেফতার করা হয়।
ব্যাংকটির জালিয়াতি প্রতিরোধ বিভাগের প্রধান জানান, ২৮ বছর বয়সী ঐ বাংলাদেশী নিজেকে একজন আমিরাতি পরিচয় দিয়ে, প্রায় ১ বছর ধরে আমিরাতিদের জন্য বরাদ্দকৃত বাড়তি সুবিধা ভোগ করে আসছিলেন। ব্যাংকের বাণিজ্য শাখার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করাকালীন, তিনি সবসময় আমিরাতি পোশাক পড়ে থাকতেন।
গতবছর ব্যাংকটি আমিরাতিদের জন্য কিছু বাড়তি সুবিধার ঘোষণা দিলে, ওই বাংলাদেশী গোপনে তার সহকর্মীর পাসপোর্ট জাল করে, নিজেকে আমিরাতি পরিচয় দিয়ে, প্রায় ২৩ হাজার দিরহাম হাতিয়ে নেন।
পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে সন্দেহ করে এবং তার কাগজপত্র যাচাই করার পর, তার কাছে বাংলাদেশী পাসপোর্ট খুঁজে পায়। আদালতে তার মামলার ট্রায়াল আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মূলতবি রাখা হয়েছে।



