ক্রোয়েশিয়া প্রবেশকালে পুলিশের প্রহারে আহত একাধিক বাংলাদেশি

বসনিয়া থেকে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ক্রোয়েশিয়া প্রবেশকালে, পুলিশের প্রহারে মারাত্মকভাবে আহত হয়েছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
জানা যায়, বোসনিয়ার পশ্চিম সীমান্তবর্তী ভেলিকা ক্লাদুসা এলাকায়, পাহাড়ী জঙ্গলে প্রায় ৬০০ দক্ষিণ এশিয়ান অভিবাসন প্রত্যাশীকে, একটি ক্যাম্পে রাখা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তাদেরকে ওষুধসহ বিভিন্ন সেবা দিচ্ছে।
এই ক্যাম্প থেকে, ২১ বাংলাদেশি এবং ৭ জন আফগান নাগরিক মিলে, একটি দল জঙ্গলটির নিকটবর্তী ইউরোপিয়ান ইউনিয়নের ক্রোয়েশিয়া বর্ডার অতিক্রম করার চেষ্টা করলে, ক্রোয়েশিয়ার কালো পোশাক পরিহিত পুলিশ, তাদেরকে ধরে টাকা-পয়সা, মোবাইল-মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেয়।
এরপর পোশাক খুলে নিয়ে ৫ জনের ছোট ছোট দলে ভাগ করে, মাটিতে উপুড় করে শুইয়ে বেদম প্রহার করে। তারপর তাদেরকে আবার বোসনিয়াতে ফেরত পাঠিয়ে দেয়। আহত প্রবাসীরা জানিয়েছেন, ক্রোয়েশিয়ার কালো পোশাক পরিহিত পুলিশ অত্যাচারের ব্যাপারে খুবই নির্মম।



