মালদ্বীপে অসুস্থ দুই প্রবাসীর স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করল বাংলাদেশ হাইকমিশন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে অসুস্থতা ও মানবিক সংকটে পড়া দুই বাংলাদেশি প্রবাসীর নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের দেশে ফেরার জন্য বিমান টিকিট প্রদান করা হয়েছে।
হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত দুই প্রবাসীর হাতে বিমান টিকিট তুলে দেন। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্তদের একজন কুমিল্লার চান্দিনা উপজেলার নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অপরজন একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা, মানবিক পরিস্থিতি এবং পারিবারিক প্রয়োজন বিবেচনায় দেশে ফেরার এই সহায়তা প্রদান করা হয়।
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি দেশের মূল্যবান সম্পদ। জীবিকার তাগিদে প্রবাসে থাকা কোনো নাগরিক অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো সংকটে পড়লে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেই বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও প্রয়োজনে নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির প্রতিনিধি। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ওএফ



