Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা টিভি ডেস্ক: তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা প্রদান করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ব্যাংকটিতে আমানত উত্তোলনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তারল্য পরিস্থিতির অবনতি ঘটে। এ অবস্থায় নগদ অর্থের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সম্প্রতি কিছু অস্থিরতা তৈরি হয়। চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ার পর অনেক আমানতকারী তাদের সঞ্চিত অর্থ তুলে নিতে শুরু করেন। ফলে ব্যাংকের নগদ অর্থের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণ এবং নিয়মিত ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে কিছু ক্ষেত্রে বেগ পেতে হয় প্রতিষ্ঠানটিকে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও চ্যালেঞ্জের মুখে পড়ে ব্যাংকটি।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক বিশেষ তারল্য সহায়তার সিদ্ধান্ত নেয়। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে, এই অর্থায়ন ইসলামী ব্যাংকের স্বল্পমেয়াদি তারল্য সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতেও সহায়ক হবে।

এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে মোস্তাফা মুরশেদুল ইসলাম ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়োজন হলে ইসলামী ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যাংকটির বর্তমান পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো জটিলতা থাকবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button