জীবন বাজি রেখে কাজ করেন শান্তিরক্ষীরা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্যালুট: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে ত্যাগ ও অবদান রেখে চলেছেন, তা দেশের মানুষ যথেষ্ট উপলব্ধি করতে পারে না। দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সোমবার (৮ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আফ্রিকার বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের ব্যাপক প্রশংসা প্রত্যক্ষ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের শান্তিরক্ষীরা যে অর্জন করেন, তা কোনোভাবেই জীবনের চেয়ে বড় নয়। তারা জীবন বাজি রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।”
শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, “প্রত্যেক পরিবার তাদের বাবা, স্বামী কিংবা ভাইকে শান্তিরক্ষা মিশনে পাঠান। তারা জানেন না, প্রিয়জন নিরাপদে ফিরে আসবেন কি না। তবুও দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকেই তারা এই দায়িত্ব পালনে সহযোগিতা করেন।”
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শান্তিরক্ষীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় এ বিষয়ে সচেষ্ট রয়েছে।”
ভবিষ্যতেও শান্তিরক্ষীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যেকোনো প্রয়োজনে শান্তিরক্ষীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা পাবেন এবং তাদের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
ডিজাব সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিষয়ক এবং সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ, বাংলাদেশ নৌবাহিনীর কমোডোর (অব.) এম তাজিম উদ্দিন ভূঁইয়া ও বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডোর মোহাম্মদ মুতাসির রহমান (এলপিআর)।
ওএফ



