Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে আর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন মন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানকার অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। তবে জঙ্গল সলিমপুরের স্থানীয় প্রকৃত অধিবাসীদের কাউকেই উচ্ছেদ করা হবে না। তাদের কীভাবে পুনর্বাসন করা যায়, সরকার সেই ব্যবস্থা করবে।’ কিন্তু এখানে কোনো সন্ত্রাসী গ্রুপের অস্তিত্ব থাকবে না। এখান থেকে আমরা সন্ত্রাসীদের উচ্ছেদ করব।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। মাদক, সন্ত্রাসসহ কোনো অবৈধ বাণিজ্য দেশে চলতে দেয়া হবে না। এখানে রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জায়গায় কারাগার নির্মাণসহ, বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। আমি আবারও আশ্বস্ত করছি, এখানে কোনো সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধু সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

সারাদেশের অপরাধচিত্র তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘শুধু সলিমপুর নয়, সারা দেশে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসীদের রুখে দিতে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। কেউ যদি জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখায় কিংবা চাঁদা দাবি করে, তবে সরাসরি নাম উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিন। অপরাধী যত প্রভাবশালীই হোক, ছাড় দেওয়া হবে না।’

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button