‘বেশি চিল্লায় আর খায়, নাম তার নাসীরুদ্দিন পাটোয়ারী’

বাংলা টিভি ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর হাটে ক্রেতাদের আগ্রহ বাড়াতে এক খামারি তার গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটি নাকি অতিরিক্ত ডাকাডাকি করে এবং প্রচুর খাবার খায়—এই বৈশিষ্ট্যের কারণেই মজার ছলে এমন নামকরণ করেছেন তিনি।
রোববার (২৪ মে) গরুটি ও মালিকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশাল আকৃতির কালো রঙের গরুটি দেখতে এখন হাটে ভিড় করছেন অনেকে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, গরুর মালিক নিজেই এর নাম রাখার কারণ ব্যাখ্যা করছেন। তিনি বলেন, “অনেক চিল্লায়, তাই নাম রাখছি নাসীরুদ্দিন পাটোয়ারী। খাবার কম হলেই আরও বেশি চিল্লায়।”
খামারি জানান, বড় আকৃতির এই ষাঁড়টি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলতে পারে। পাশাপাশি নিয়মিত ঘাস ও খড়ও খাওয়ানো হয়। গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। উপযুক্ত দাম পেলেই সেটি বিক্রি করে দেওয়া হবে বলেও জানান তিনি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা ধরনের মজার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ রসিকতা করে লিখেছেন, “এখন গরু আবার নাম শুনে রাগ করবে না তো!” আবার কেউ মন্তব্য করেছেন, “ফিড বেশি খাওয়ানোর কারণেই এত অস্থিরতা।”
ঈদকে ঘিরে পশুর হাটের এই ব্যতিক্রমী নামকরণ ও ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।



