Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ছয় মাসের সাফল্য-চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার ( ২০ মে ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস” শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি গত ছয় মাসের প্রশাসনিক কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের কাছে সরাসরি মতামত ও পরামর্শ আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, মানুষের প্রত্যাশা পূরণে জেলা প্রশাসন কতটুকু সফল হয়েছে এবং কোথায় ঘাটতি রয়েছে, তা জানতেই তিনি সাংবাদিকদের সামনে এসেছেন। তিনি বলেন, “সমাজের বাস্তব চিত্র সবচেয়ে বেশি তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের শুরুতে ভিডিওচিত্রের মাধ্যমে জেলা প্রশাসনের গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বিত প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মানবিক উদ্যোগ, গণশুনানি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চিত্র উপস্থাপন করা হয়।

ভিডিওচিত্রে উল্লেখ করা হয়, নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত এবং সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলা প্রশাসনের দাবি, নির্বাচন ছিল “অভিযোগহীন ও হতাহতবিহীন”।

সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানের বিষয়টিও গুরুত্ব পায়। জেলা প্রশাসক জানান, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই দীর্ঘদিনের সন্ত্রাস ও দখলদারিত্ব নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরবর্তীতে সেখানে ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ডিসি পার্কে ফুল উৎসব, ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপন, ঈদুল আজহা উপলক্ষে “ফেস্টিভ সেল”, অবৈধ জ্বালানি মজুদ ও চোরাচালানবিরোধী অভিযান, ভূমি উদ্ধার, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, শ্রমিক অধিকার এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানিসহ নানা উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

নিজের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “প্রত্যেক মানুষের মাঝেই কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গা থেকে শতভাগ উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করি।”

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “আপনাদের সহযোগিতা, সমালোচনা ও পরামর্শ আমাদের আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।”

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “কোনো কাজ খারাপ লাগলে সেটিও বলবেন, যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button