হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন আবেদন

বাংলা টিভি ডেস্ক: মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজল-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার আবেদনের শুনানি হতে পারে বলে জানা গেছে।
এর আগে, গত ২১ এপ্রিল মানহানিকর মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই আদেশ দেন সিরাজগঞ্জ-এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আমির হামজা। তাকে ‘নাস্তিক’ বলে আখ্যা দেওয়া এবং ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলাটি দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় এই মামলা করেন।
ঘটনার সূত্রপাত হয় ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে ইকবাল হাসান মাহমুদ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান। পরে কুষ্টিয়া সদর-এর হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার আগে দেওয়া বক্তব্যে আমির হামজা তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।
এর আগে আদালত থেকে সমন জারি করা হলেও নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।



