অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার, পুলিশ বলছে প্রেমঘটিত

গাজীপুরের শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী ফাহমিদা আনজুম ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে নয়নপুর এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল আবিদ হোসেন ও তার সহযোগীরা কিশোরীর বাড়িতে হামলা চালিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা মসজিদের ইমাম হাদিউল ইসলাম। এ ঘটনায় তিনি শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা মো. লালচান মিয়া জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আবিদ হোসেনের মা মোসাম্মৎ আবেদা খাতুনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরীকে মেডিকেল পরীক্ষা ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ঘটনাটি প্রেমঘটিত হতে পারে।



