Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মালদ্বীপে বহুতল ভবন থেকে পড়ে চাঁদপুরের হানজালার মৃত্যু

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপের রাজধানী মালের মাফানু এলাকায় বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়া বাংলাদেশি প্রবাসী হানজালা শেষ পর্যন্ত মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে মাফানু এলাকার একটি বহুতল ভবনের ছাদে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ওই ভবনের ছাদে থাকা গাছের পরিচর্যা করছিলেন হানজালা। এ সময় দড়ি বাঁধতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের টিনশেড বিশিষ্ট একতলা ভবনের ওপর পড়ে যান তিনি।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

 

পরিবার সূত্রে জানা যায়, নিহত হানজালা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড মীনাপুর গ্রামের বাসিন্দা আব্দুল সামাদের ছেলে। জীবিকার তাগিদে প্রায় সাত মাস আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান।
শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সে সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছিল।

 

এদিকে, হানজালার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার চাচাত ভাই মাসুদ জানান, ঋণ করে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। এখন তার মরদেহ দেশে নেওয়া এবং অন্যান্য খরচ বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। এ জন্য পরিবারটি বাংলাদেশ সরকার, মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা কামনা করেছে।

 

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button