Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি: দিনাজপুরে ৩ জনের কারাদণ্ড, ১২ মণ মাংস জব্দ

গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি: দিনাজপুরে ৩ জনের কারাদণ্ড, ১২ মণ মাংস জব্দ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ঘোড়া জবাই করে সেই মাংস ‘গরুর মাংস’ হিসেবে বাজারে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর এলাকায় এক ঝটিকা অভিযানে তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানের পরিত্যক্ত খামারে গোপনে ঘোড়া জবাই করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টায় সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। অভিযানে দেখা যায়, ৬টি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস আলাদা করে বিক্রির জন্য প্যাকেটজাত করা হচ্ছিল। হাতেনাতে ধরা পড়ার পর অপরাধের গুরুত্ব বিবেচনায় আটক ৩ জনকে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তারা নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, “গোপন খবরের ভিত্তিতে আমরা পরিত্যক্ত খামারে অভিযান পরিচালনা করি। সেখানে ৬টি ঘোড়ার মাংস বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল, যা মূলত গরুর মাংস হিসেবে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। আটক ৩ জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত ১২ মণ মাংস মাটিতে পুঁতে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রির এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। বাজারে মাংসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী জানান, তারা যে মাংস কিনছেন তা আসলে কিসের মাংস, তা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button