ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই কোটি টাকার সম্পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্ত্তীর গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সিংজুরী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিলাদিসহ প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু ততক্ষণে বাড়ির আসবাবপত্র, আলমারি এবং আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ দলিলসহ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্র ও দমকল বাহিনী জানায়, গত ২০ মার্চ ( শুক্রবার ) ভোরে হঠাৎ করে বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, আলমারি ও তাতে সংরক্ষিত প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর দুই ভাই শিশির কান্তি চক্রবর্তী ও প্রণবেন্দু চক্রবর্তী ওই বাড়িতে বসবাস করেন। তারা উভয়েই স্থানীয় দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তাদের স্ত্রীগণও শিক্ষকতা পেশায় নিয়োজিত। ফলে বাড়িতে সংরক্ষিত ছিল বিভিন্ন শিক্ষাগত সনদ, প্রশিক্ষণের সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ নথিপত্র, যা আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত শিশির কান্তি চক্রবর্তী জানান, “আগুনে আমাদের আলমারি, সুটকেস, খাদ্যশস্য, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো।”
প্রণবেন্দু চক্রবর্তী বলেন, “আমাদের পরিবারের সবার মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব সনদপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

দমকল সূত্রে জানা গেছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর রাতে আগুন লাগার পরপরই তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ওএফ



