মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি: প্রধানমন্ত্রীর প্রতি প্রেসিডেন্ট মুইজ্জুর শোকবার্তা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শোকবার্তায় গভীর সমবেদনা জানিয়েছেন।
গত শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে মালদ্বীপের দিগুরা দ্বীপের একটি আবাসন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হওয়ার ঘটনায় তিনি এই সমবেদনা জানান।
মঙ্গলবার (১৭ মার্চ) মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের ওয়েবসাইটে এক শোকবার্তায় রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপ সরকার ও জনগণ বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে, বিশেষ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত সকলের প্রতি মালদ্বীপবাসীর সহানুভূতি রয়েছে এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি দেশের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং এই দুর্ঘটনায় সৃষ্ট শোক ও ক্ষতিতে মালদ্বীপও সমানভাবে শোকাহত।
তিনি জানান, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওএফ



