Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মালদ্বীপে ময়লার স্তূপে মিলল বাংলাদেশির লাশ, আটক শ্রীলঙ্কান নাগরিক রিমান্ডে

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের থিলাফুশি দ্বীপে নিখোঁজের দুই দিন পর আমিন মিয়া (২৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ তার কর্মস্থলের ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিককে আটক করেছে মালদ্বীপের আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি কর্মস্থল থেকে নিখোঁজ হন আমিন মিয়া। পরে ২৮ জানুয়ারি থিলাফুশি দ্বীপের একটি ময়লার স্তূপ খননের সময় তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ময়লার স্তূপ খনন কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটরের আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়। ঘটনার সময় ভারী যানবাহনটি পরিচালনা করছিলেন ৩২ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক হিশান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকা। তাকে আটক করে ফৌজদারি আদালতে হাজির করা হলে প্রথমে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে আদালত রিমান্ডের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর আদেশ দেন।

আদালতে উপস্থাপিত প্রাথমিক প্রমাণের মধ্যে রয়েছে ঘটনার লিখিত প্রতিবেদন ও সিসিটিভি ফুটেজ। তদন্তকারী কর্মকর্তারা জানান, প্রাথমিক আঘাতের পর আমিন মিয়া ময়লার স্তূপে পড়ে গেলেও খনন কাজ বন্ধ করা হয়নি। তবে অপারেটর ঘটনাটি বুঝতে পেরেছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, মরদেহ পরিদর্শন করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্তের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য হাইকমিশন সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে, বাংলাদেশ হাইকমিশনার নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্থানীয় মানবাধিকারকর্মীরা অভিযোগ করেছেন, নিখোঁজ হওয়ার পর সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে এই মৃত্যু এড়ানো সম্ভব ছিল।

ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button