Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মিরপুরে চাঁদাবাজ ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৪

রাজধানীর মিরপুর এলাকায় চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শাহীন ইসলাম জীবনের ঘনিষ্ঠ চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি পিস্তল, গুলি, ওয়াকিটকি এবং চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি বিকেলে গোপনে সন্ত্রাসী শাহীন ইসলাম জীবন মিরপুর ১৩ এলাকায় অবৈধ অস্ত্র হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ১১ সিগন্যাল ব্যাটালিয়নের একটি গোয়েন্দা দল ওই এলাকায় নজরদারি জোরদার করে।

পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে মিরপুরের এস অ্যান্ড এস হারম্যান মেইনার কলেজের সামনে সাঁড়াশি অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম সাকিব (২৭) নামের এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, একটি ওয়াকিটকি সেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

সাকিবের দেওয়া তথ্যে একই রাতে সাড়ে ১১টার দিকে মিরপুরের হোপ মার্কেট এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। সেখানে চাঁদা আদায়ের সময় গ্রেফতার করা হয় শাহীন ইসলাম জীবনের আরও তিন সহযোগী – সুলতান মোল্লা (৫৫), মোঃ রুবেল হাসান (৪০) ও ফারুক আহমেদ (৩৯) কে।  তারা দীর্ঘদিন ধরে এলাকায় জীবনের ‘লাইনম্যান’ হিসেবে চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানায় যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের এবং উদ্ধারকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button