Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:  (৫ অক্টোবর ২০২৫) মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।  স্থানীয় সময়  রবিবার দুপুরে প্রেসিডেন্ট প্যালেসের রিপাবলিক স্কোয়ারে এক আনুষ্ঠানিক ভাবে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে মালদ্বীপে তাঁর কূটনৈতিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে জাতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর রাষ্ট্রপতি কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় রাষ্ট্রপতি মুইজ্জু ও হাইকমিশনার ড. নাজমুল ইসলাম দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মুইজ্জু মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে এবং বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেওয়ায় মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ শ্রমশক্তি উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি দুই দেশের বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তারের আশাবাদ ব্যক্ত করেন।

WhatsApp Image 2025 10 05 at 7.22.11 PM

আলোচনায় কৃষি উন্নয়ন, মানবসম্পদ প্রশিক্ষণ, শিক্ষা, প্রতিরক্ষা ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় হাইকমিশনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন এবং তাঁকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৪ সালের ২২ সেপ্টেম্বর। নবনিযুক্ত হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এক দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সংসদীয় কূটনীতিক। তিনি তুর্কি পার্লামেন্টের উপদেষ্টা, মার্কিন ফরেন সার্ভিস ইনস্টিটিউটের প্রশিক্ষক ও আঙ্কারা ইলদিরিম বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্লেষকদের মতে, তাঁর অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button