Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
নির্বাচন কমিশননির্বাচন

সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষভাবে কাজের চেষ্টা করেছি, বললেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তির শুনানি শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঞ্চালনায় শুনানিতে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া- ২, ৩ ও ৫ আসনের সীমানা নিয়ে শুনানির মধ্য দিয়ে শুনানি শুরু হয়। শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী উপস্থিত রয়েছেন।

শুনানি শুরুর প্রাক্কালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।’

ইসি সচিব জানান, রোববার দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা- ৬, ৯, ১০ ও ১১; বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের দাবি-আপত্তি আবেদনের শুনানি শুরু হবে।

৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। এবং বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়।

১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়। আজ রোববার থেকে শুরু হওয়া এই শুনানি চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত। এই চারদিন দাবি-আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে আজ রোববার সকাল থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়। নিয়ম মেনে আবেদনকারীদের নির্বাচন ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button