বগুড়ায় হাসিনা, কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেনের নিহতের ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।
সেলিম হোসেন (৩৫) বগুড়ার শিবগঞ্জের পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা এবং কাহালু উপজেলার মুরইল লাইট হাউজ স্কুলের সহকারি শিক্ষক ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈয়ান জানান, শুক্রবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া সদর থানায় নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট (শনিবার) বেলা ৩টার দিকে বগুড়া শহরের সাতমাথায় আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ককটেল ও পেট্রোলবোমা হামলা চালান। হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন। বগুড়া পৌরসভার কাউন্সিলর আবদুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলর আরিফুর রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন। পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে করা হত্যা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের দুজন সাবেক সংসদ সদস্য, পাঁচজন উপজেলা চেয়ারম্যান, দুই মেয়র, বগুড়া পৌরসভার আট কাউন্সিলর, ১০জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ২৫ জনপ্রতিনিধিসহ মোট ৯৯জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩৫০ জনকে।
উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাগর কুমার রায়, এ কে এম আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান, সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান।



