শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ গ্রহণ করেছেন। রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় হয় পুরো আয়োজন। প্রথমে তিনি নবনিযুক্ত প্রধান বিচারপতিকে মঞ্চে আহ্বান জানান। প্রথমে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে তাকে গোপনীয়তার শপথও পাঠ করানো হয়। শেষে শপথবাক্যের ফাইলে প্রথমে প্রধান বিচারপতি ও পরে রাষ্ট্রপতি সাক্ষর করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গতকাল সকালে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা প্রধান বিচারপতির পদত্যাগের জন্য আলটিমেটাম দেন। এরপরই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
রোববার নতুন করে দুই উপদেষ্টা শপথ গ্রহণ করায় এখন বাকি রয়েছেন মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক। যুক্তরাষ্ট্র থেকে আজ রোববার রাতে তার দেশে পৌঁছনোর কথা রয়েছে। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।



